মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - ১ পলাতক-
শহিদুল ইসলাম, মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামী পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ মহেশপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন এসআই (নিরস্ত্র) মোঃ টিপু সুলতান-১ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১৪:৫০ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ১০নং নাটিমা ইউনিয়নের সস্তার বাজারস্থ রুবেলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ আবুল বাশার (৩০) নামের এক আসামীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে আসামী তার পরিহিত প্যান্টের পকেট থেকে নিজ হাতে সাদা পলিথিনে মোড়ানো ১৬ (ষোল) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে আসামীকে গ্রেফতার করে থানায় আনা হয়।
আসামীর পরিচয় ও আইনগত ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার (৩০), পিতা- মৃত আব্দুল্লাহ মন্ডল, সাং- বৈঁচিতলা (মন্ডলপাড়া), ২নং ওয়ার্ড, মহেশপুর পৌরসভা, জেলা- ঝিনাইদহ। ধৃত আসামীর পিসিপিআর (PCPR) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে পূর্বেও মহেশপুর থানায় একটি মাদক মামলা (মামলা নং-৩১, তারিখ: ২৬ জুলাই ২০২৬, ধারা: ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮) বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামী মোঃ আবুল বাশার ও পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-২৬, তারিখ: ১৫/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অল-আউট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সাহিদুল এনাম পল্লব মিয়া
অফিস:
বাসা নাম্বার ৯৫ , বনানী পাড়া
২৯ লালন শাহ সড়ক , হামদহ
ঝিনাইদহ-৭৩০০।
মোবাইল নাম্বার: 01989414641
জিমেইল: tdalyshocal@gmail.com
Copyright © 2026 দৈনিক সকালের সমাচার. All rights reserved.