মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত,গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কু ‘ড়ালের আঘাতে গোলাম রহমান নামের এক জামাই নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম মহেশপুরের বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাম রহমান গত সোমবার মহেশপুরে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বেশ কিছুদিন ধরেই শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর বৈষয়িক ও পারিবারিক মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। সংঘাতের একপর্যায়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন।
কুড়ালের গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গোলাম রহমানের মৃত্যু হয়। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মহেশপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কুড়ালটিও পুলিশ উদ্ধার করে। এছাড়া ঘটনার প্রকৃত তথ্য ও কারণ জানতে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিরোধের সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”সকালে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।